মংহাইথুই মারমা : রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। “জেন্ডার রেসপনসিভ এডুকেশন এন্ড স্কিলস প্রোগ্রাম ইন চিটাগাং হিল ট্র্যাক্টস” শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। আজ (বুধবার) সকালে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভাটির আয়োজন করে উক্ত প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ব্র্যাক। প্রকল্পটির অর্থায়ন করেছে গ্লোবাল এফেয়ার্স কানাডা, সাড়ে পাঁচ মিলিয়ন কানাডিয়ান ডলার বাজেটের এ প্রকল্পের মেয়াদ হবে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত।
সভায় প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মারমা, আরো ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ামিন হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কাসেম, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা সহ সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সংশ্লিষ্ট সরকারী দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবক বৃন্দ।
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালি জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত প্রান্তিক নারী ও মেয়ে শিশুদের লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সহিংসতা কমিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন এবং ক্ষমতায়ন করার লক্ষ্যে ব্র্যাক প্রকল্পটি নিয়ে কাজ করবে। সভায় প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম সমূহ তুলে ধরে ব্র্যাক, যার মধ্যে রয়েছে, নারী ও মেয়ে শিশুদের উপর লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সহিংসতা কমিয়ে আনা, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে সৃষ্ট বৈষম্য অপসারণের চেষ্টা, স্কুল থেকে দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার উচ্চ হার কমিয়ে আনা এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করা।
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ব্র্যাক স্থানীয় প্রশাসন ছাড়াও শিক্ষক, কমিউনিটি নেতা, সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা, পার্বত্য কাউন্সিলর সদস্য, কমিউনিটি সদস্য সহ স্থানীয় পাড়া প্রধান, মৌজা প্রধান, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কাজ করবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি