লামা প্রতিনিধি:বান্দরবানের লামায় আজিজনগর ইউনিয়নে বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। ১০মার্চ২১ইং বুধবার সকালে পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।
সূত্র জানায়, প্রতিদিনের মত বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ীর পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর পথে হাতির দল আক্রমণ করলে গুরুতর আহত হন হাজেরা বেগম। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষনা করেন। শুধু তাই নয়, এ ঘটনার পর হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ী ভাংচুর এবং কৃষক আমির আলীর সৃজিত ফসল খেয়ে ক্ষতিসাধন করে।
বন্যহাতির আক্রমনে হাজেরা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় লোকজন এখন চরম আতঙ্কে রয়েছেন। আবারও যে কোন মুহুর্তে তান্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতি দ্বারা নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি