ডেস্ক নিউজ :খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের সাপমারা এলাকায় পাথার বোঝাই ট্রাক চাপায় মো. হানিফ (২৭) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক মোটর সাইকেল চালক আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের সাপমারা পুলিশ বক্সের অদুরে ময়লা টিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে। সে পেশায় ট্রাকের হেলপার।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা ফেরার পথে সাপমারায় ময়লা টিলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে পেছনে থাকা পাথর বোঝাই একটি ট্রাকের নীচে চাপা পড়ে। এতে মো. হানিফ ও মো. নাজিম নামে দুজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে প্রথম মোটরসাইকেল আরোহী মো. হানিফ (২৭) মারা যান। এ সময় নাজিম (২০) নামে আরেক মোটরসাইকেল চালকের ডান পায়ের ওপরের অংশ থেতলে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলেও জানান তিনি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি