ডেস্ক নিউজ:মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামের কামার বাড়ি মোড় নামক স্থানে রাখা ১০ লক্ষ টাকার পাটকাঠি আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১লা এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাটকাঠির মালিক রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামের সুলতান মোল্যার ছেলে ব্যবসায়ী সাহেব আলী মোল্যার (৩৮)। বর্তমানে সাহেব আলী রাজপাট গ্রামে বসবাস করছেন বলে জানা যায়।
সাহেব আলী মোল্যা জানান, তিনি ২০ বছর ধরে পাটকাঠির ব্যবসা করে আসছেন। এবছর ১০ লক্ষ টাকার পাটকাঠি কিনে বিক্রি করার জন্য মজুদ করে রেখেছিলেন।
তিনি আরো জানান, তার এই পুড়ে যাওয়া পাটকাঠি ব্যবসার সঙ্গে বরিশালের একজন পার্টনার রয়েছে। এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কেউ কিছু জানাতে পারেননি।
স্থানীয়রা জানান, আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় ফায়ার সার্ভিস খবর দিলে মহম্মদপুর ও মাগুরার ৪টি ইউনিট এসে আগুন নেভানোর জন্য ২ ঘন্টা চেষ্টার পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১০ লক্ষ টাকার পাটকাঠির গাঁদা পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল থেকে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ মাসুদ সর্দার জানান, খবর পেয়ে তারা আধাঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট একসঙ্গে কাজ করে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর কাজে স্থানীয়রাও তাদেরকে সহযোগিতা করার কারণে আগুন অল্প সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি