নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
দেশব্যাপী চলমান ভূমিসেবা মেলা থেকে বঞ্চিত হল ঈদগাঁওবাসী। এনিয়ে বৃহৎ এলাকায় ভূমি সংশ্লিষ্ট লোকজনের মাঝে হতাশা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করেন স্থানীয় ভূমি সংশ্লিষ্ট মানুষরা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশ ব্যাপী একযোগে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিনদিন ব্যাপী সকল উপজেলায় ভূমিসেবা মেলা শুরু হয়। যা থেকে জনগণ ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা সহজে গ্রহণের সুযোগ পাচ্ছেন । এতে করে জনগণ দালাল চক্রের ফাঁদ থেকে রক্ষা পাবেন বলে মনে করেন অনেকে।
ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগান্তকারী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে মানুষ এ সেবা মেলার মাধ্যমে সচেতন হয়ে নিজের সম্পত্তিকে নিরাপদ রাখতে এবং সরকারের প্রাপ্ত কর পরিশোধসহ অন্যান্য সুবিধা -অসুবিধার সমাধান সহজেই পাবেন।
দেশব্যাপী চলা এ ভূমিসেবা মেলার বৃহস্পতিবার তৃতীয় তথা সমাপনী দিন অতিবাহিত হলেও ঈদগাঁও উপজেলার অসংখ্য মানুষ নিজ উপজেলায় এ ভূমিসেবা মেলা থেকে বঞ্চিত রয়েছে।
সচেতন মহল ও ভূসম্পত্তি মালিকরা হতাশা প্রকাশ করে বলেন, উপজেলা বাস্তবায়নের পাঁচ বছর অতিবাহিত হতে চললেও অদ্যাবধি উপজেলা ভূমি অফিস প্রতিষ্ঠা হয়নি। যার কারণে এখনো পর্যন্ত পার্শ্ববর্তী অর্ধশত কিলোমিটার দূরত্বের কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে নিজ উপজেলার জনগণকে ভূমি সেবা নিতে হচ্ছে। এতে করে স্বতন্ত্র উপজেলা হওয়ার পরেও ভিন্ন উপজেলায় গিয়ে সেবা নিতে সময় এবং অর্থ অপচয়ের পাশাপাশি নিয়মিত দূর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে।
তাদের দাবি, উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ চাইলে বিশেষ ব্যবস্থায় নিজ উপজেলায় ক্ষুদ্র পরিসরে হলেও উপজেলার জনগণের দূর্ভোগের কথা চিন্তা করে এ ভূমি সেবা মেলার আয়োজন করতে পারতেন। এজন্য তারা উপজেলার কর্মকর্তাদের অবহেলা ও কর্মক্ষমতার দুর্বলতাকে দায়ী করেন। অবিলম্বে অত্র উপজেলায় নিজস্ব ভূমি অফিস স্থাপন ও সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত পদায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সহকারী কমিশনার ভূমি, ঈদগাঁও উপজেলা (অতিরিক্ত দায়িত্ব) এর মতে, এখনো পর্যন্ত উক্ত উপজেলার ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা যেহেতু কক্সবাজার সদর উপজেলা এসিল্যান্ড (অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলার তত্বাবধানে গ্রহণ করতে হয়, সেহেতু কক্সবাজার সদরের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ভূমি সেবা মেলায় ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের স্টল রয়েছে। উপজেলার সেবা প্রার্থীরা সেখানে গিয়ে চলমান মেলা থেকে সেবা নিতে পারবেন।