নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও স্টেশন এলাকায় কম্পিউটার দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আহমদ নবী ভোমরিয়াঘোনা এলাকার মৃত মমতাজ আহমদের ছেলে। তিনি ঈদগাঁও স্টেশনের ‘কুড়ি কম্পিউটার’ নামক প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে। রবিবার (৭জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দ্বিতীয় দফায় সংঘবদ্ধ একটি দল ঘটনাস্থলে এসে আহমদ নবীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যস্ততম স্টেশন এলাকায় প্রকাশ্যে এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।