নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়িতে মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী জোসনা বেগম। রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গচ্ছাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী জোসনা বেগম দেলোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী। ওই সংসারে তার এক পুত্র সন্তানের পাশাপাশি চার কন্যা সন্তানও রয়েছে। তাছাড়া দেলোয়ার একাধিক বিবাহ করার কারণে তার দ্বিতীয় স্ত্রী জোসনা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এমনকি দেলোয়ার তার স্ত্রীকে শারীরিক নির্যাতনও করতো।
কিছুদিন আগে দেলোয়ার আরও একটি বিয়ে করেন এবং ওই স্ত্রীকে ঘরে আনার পরিকল্পনাও করছেন বলে জানতে পারেন স্ত্রী। বিষয়টি স্ত্রী জোসনা বেগম কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়।
এরমধ্যেই গতকাল রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী জোসনা বেগম। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। তবে এখন পর্যন্ত দেলোয়ার হোসেন কয়টি বিয়ে করেছেন সেটির ব্যাপারে সঠিক কোনো তথ্য স্থানীয় কিংবা পুলিশের কাছ থেকে জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন জানান, আমার জানামতে জোসনা বেগম দেলোয়ার হোসেন প্রথম স্ত্রী। কিন্তু কেউ কেউ বলছেন দ্বিতীয় স্ত্রী। ইদানিং আরও একটি বিয়ে করেছে বলে শুনেছি। তিনি মূলত কয়টি বিবাহ তিনি করেছেন তার সঠিক উত্তর জানা নেই। তবে পারিবারিক কলহের জেরে এমনটি হয়েছে বলে তার ধারণা।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ জোসনা বেগমকে আটক করে মানিকছড়ি থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানিয়েছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি