আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের সীমান্তবর্তী পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, থানা পুলিশ, প্রেসক্লাব, দুর্নীতি দমন কমিটি, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, ফায়ার সার্ভিস, এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজ, পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ, নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে এবং ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, বরং স্বাধীনতার পথকে সুগম করেছে। তাদের স্মরণে আয়োজিত এ ধরনের কর্মসূচি আমাদের জাতীয় চেতনা আরও শক্তিশালী করে।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ভাষা আন্দোলন ছিল আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এ আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হওয়ার শক্তি পেয়েছিল, যা পরবর্তীতে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ সময় উপস্থিত অন্যান্য বক্তারাও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি