নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় জননিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিশেষ সাঁড়াশি অভিযানে মার্কেটে ছিনতাইয়ের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) চকরিয়া থানা পুলিশের নেতৃত্বে চকরিয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপণীবিতান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ঈদকে ঘিরে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
অভিযানকালে নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকায় ছিনতাইয়ের সময় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকার আব্দুল্লাহ (২৬), সাহারবিল ইউনিয়নের মধ্যম পাড়া এলাকার রাহাত হোসেন (৩৩), চকরিয়া পৌরসভার সোসাইটি পাড়া এলাকার মোঃ আরমান (৪১) ও চকরিয়া পৌরসভার বাজার পাড়া এলাকার মোহাম্মদ দিদারুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
থানা সূত্রে আরও জানানো হয়, ঈদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেট ও অন্যান্য জনবহুল এলাকায় সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের মাধ্যমে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিরাপত্তা জোরদারে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি