আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩২-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক যুবক মো. নুরুল ইসলাম (২২) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী হিন্দুপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত রমজান আলীর ছেলে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছে না, একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক অভিযানের ফলে মাদক কারবারিদের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়েও ব্যাটালিয়নটি একাধিক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করে প্রশংসা কুড়িয়েছে।