মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় প্রেকিমের সঙ্গে বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুলাই) গভীর রাতে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।মো. হাসান চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও টেক এলাকার মনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়াস্থ একটি ভাড়া বাসায় বসবাস ও একটি ফার্নিচার দোকানে মিস্ত্রির কাজ করতেন হাসান।
এলাকায় সূত্র জানায়, কয়েক দিন আগে মো. হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অমতে স্থানীয় সাকিব নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে হাসান মানসিকভাবে ভেঙে পড়েন।একপর্যায়ে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্ষোভ ও অভিমান করে ভাড়াবাসার বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। পরে স্বজনেরা ঘরের ভেতর হাসানের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ প্রতিবেদক’কে বলেন, প্রাথমিক সূরতহাল শেষে হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধরা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত বলা যাবে জানান তিনি।