নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় ইসলামাবাদে অবৈধ যানবাহন চলাচল রোধ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
প্রশাসন সূত্র মতে, উক্ত সড়কে অবৈধ টমটম, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এসময় তাৎক্ষণিকভাবে ১২জন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদানও আদায় করা হয়। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার বাহিনীর একটি চৌকস টিম সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ঈদগাঁও উপজেলাবাসীর সার্বিক স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।