নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও রশিদ আহমদ কলেজ গেইটের প্রবেশমুখে মহাসড়কের পাশে রাতের আঁধারে ফুটপাতে অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের অভিযোগ,দিনের ব্যস্ততার সুযোগ এড়িয়ে রাতের আঁধারে মহাসড়কের পাশের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে স্থাপনা কিংবা ব্যবসাবপ্রতিষ্ঠান নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসেন।
বুধবার রাতে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তাৎক্ষণিক ঈদগাঁও থানা পুলিশ এবং চৌকিদার পাঠিয়ে দখলকৃত ফুটপাত উচ্ছেদ করা হয়েছে বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহেল জাহান।
অভিযানের ফলে মহাসড়কের পাশে ফুটপাত দখলের চেষ্টা বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের মতে, জনগুরুত্বপূর্ণ প্রবেশমুখে ফুটপাত দখল হলে শিক্ষার্থী,পথচারী
ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ার পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে।