নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় মাদক ও জুয়ার আসরে অভিযান চালিয়ে নবগঠিত ইউনিয়ন বিএনপির এক নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোররাত আনুমানিক চারটার দিকে উপজেলার ইসলামাবাদের ৮ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল মেম্বার।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে একটি সেমিপাকা ঘরে মদ ও জুয়ার আসর বসার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ ঘরটি ঘেরাও করে অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে দরজা খোলা হয়নি। পরে দরজা ভেঙে ফেলার ঘোষণা দিলে ভেতরে থাকা ব্যক্তিরা দরজা খুলে দেন। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতরে লুকিয়ে থাকা জুবায়েদ উল্লাহ জুয়েল মেম্বারসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে উপস্থিত স্থানীয়রা জানান।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকই অব্যাহত অপরাধের অন্যতম মূল কারণ। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলমান থাকবে।
এদিকে মাদকের আসর থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ মাদকসেবীদের আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় অনেক নেটিজেন ঈদগাঁও থানার ওসি ও পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।