মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তার ৩১ দফা কর্মসূচির মধ্যেই দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই অঙ্গীকার বিএনপির নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করতে একটি আলাদা সংস্কার কমিশন গঠন করে তার সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। ওই কমিশনের প্রস্তাবনাগুলো বিএনপি গুরুত্বসহকারে পর্যালোচনা করবে এবং প্রয়োজন অনুযায়ী তা বাস্তবায়নে উদ্যোগ নেবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের আয়োজনে চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সে দেশেই গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। গণমাধ্যম একটি রাষ্ট্রের গণতন্ত্রের রক্ষাকবচ।
তিনি আরও বলেন, পৃথিবী এখন পুরোপুরি ডিজিটাল যুগে প্রবেশ করেছে। মুহূর্তের মধ্যেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে দেশের সম্মান ও ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে সমুন্নত থাকে।
গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বিগত ১৬–১৭ বছরে গণমাধ্যমের দলীয়করণ হওয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা।
সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি সবসময় সাংবাদিক বন্ধুদের বলি- মালিকের চাকরি নয়, বিবেকের চাকরি করবেন। তাহলেই সত্যিকার অর্থে সাংবাদিকতার মর্যাদা রক্ষা পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি এম আর মাহবুব, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম. জাহেদ চৌধুরী, এম. ওমর আলী, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী এবং সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের এফ এম সুমনসহ চকরিয়া-পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি