নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ঈদগাঁও উপজেলা বন্যা, পাহাড়ধস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও সঠিক পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা উপজেলার প্রতিটি নাগরিক, স্বেচ্ছাসেবক ও সচেতন তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সরকারি নির্দেশনা মেনে চলা, বৃক্ষরোপণ, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা ও জলাশয় ভরাট বন্ধ করা এবং দুর্যোগকালীন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবু তাহের।