কেশবপুর (যশোর) প্রতিনিধিঃযশোরের কেশবপুরে একটি গাভি দুই মুখ, চার নাক ও তিন চোখের বাছুর প্রসব করেছে। গত বুধবার দুপুরে উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক আব্দুল বারিক গাজীর বাড়িতে ওই বাছুরটি ব্যতিক্রম শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। ব্যতিক্রম এ বাছুর দেখার জন্য ওই কৃষকের বাড়ি রীতিমতো ভীড় লেগে রয়েছে। খবর ছড়িয়ে পড়ায় কেশবপুরসহ বাইরের উপজেলার মানুষ বাছুরটি দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের বাড়িতে আসা যাওয়া করছেন। এ বাছুর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে কৃষক আব্দুর বারিক গাজীর স্ত্রী রাবেয়া বেগম হাঁপিয়ে উঠেছেন।
সরেজমিনে রবিবার সকালে উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক আব্দুল বারিক গাজীর বাড়িতে গেলে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আসা উৎসুক মানুষ বাছুরটি ঘিরে ভিড় করে আছেন। ব্যতিক্রম ওই বাছুর দেখার জন্য অনেকেই কৌতুহলবশত দেখতে এসেছেন। মধ্যকুল গ্রামের কেরামত গাজী (৩২) বলেন, এমন আজগুবি বাছুর আগে কখনও দেখেননি। একই গ্রামের আব্দুর রাকিব বলেন, লোকমুখে শুনে বাছুরটি এক নজর দেখতে এসেছি। গ্রামের গৃহবধূ মরিয়াম বেগম বলেন, দূর থেকে যে সমস্ত মানুষ ওই বাড়িতে বাছুরটি দেখতে আসছেন তাদের জন্য রয়েছে আপ্যায়নেরও ব্যবস্থা।
কৃষক আব্দুল বারিক গাজী বলেন, কালো রঙের ফ্রিজিয়ান জাতের বকনা বাছুরটির জন্মের পর দেখা যায় তার দুই মুখ, চার নাক ও তিন চোখ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান থেকে বাছুরটিকে দেখার জন্য মানুষ ভিড় করছে।
কৃষক আব্দুল বারিক গাজীর স্ত্রী রাবেয়া বেগম বলেন, এর আগেও বাড়ির গাভিটির দুটি বাছুর হয়েছিল; সেগুলো স্বাভাবিক ছিল। এটা অদ্ভুত ও ব্যতিক্রম হয়েছে। বাছুরটির দুই মুখের মাঝখানে জিহবা রয়েছে। গাভির বাটের দুধ খেতে না পারায় বোতলে দুধ ভরে নিপলে করে বাছুরকে খাওয়ানো হচ্ছে। পেছনের পায়ে শক্তি কম পাওয়ায় ঠিকভাবে দাঁড়াতে পারছে না। ডাক্তার বলেছে, চিকিৎসা করালে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাবেয়া বেগম হাঁপিয়ে উঠলেও হাসি মুখে বলেন, গত ৩ দিনে বাছুরটির বর্ণনা দিতে হয়েছে কয়েক হাজার মানুষের কাছে।
এ ব্যাপারে উপজেলার মধ্যকুল গ্রামের পল্লী প্রাণি চিকিৎসক মাহবুব আলম বলেন, ব্যতিক্রম এ বাছুরটির মুখে অংশ বাদে শারীরিক গঠন সব দিক দিয়ে ভালো আছে। বাছুরটি পেছনের পায়ে বল পাচ্ছে না। সোজা করে পেটের নিচ দিয়ে আড়া বেঁধে দাঁড় করিয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দু’একদিনের ভেতরে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে বলে আশা করছি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি