রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি : সাংগ্রাই এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছে বান্দরবানের মারমা সম্প্রদায়। শনিবার বিকেলে জেলা শহরের রাজার মাঠে পানি বর্ষণে মেতে উঠে তারা।
মৈত্রী পানি বর্ষণ উৎসবে যোগ দিতে বিকাল থেকে দলে দলে মারমা তরুন-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করে। এ সময় চারিদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা, নাচ-গান আর পানি খেলায় আনন্দে মেতে উঠে শিশুসহ সবাই। এই মৈত্রী পানি বর্ষণ উৎসবে বিদেশীরাও অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ।
ত্রিপুরাদের বৈসুর (বৈ), মারমাদের সাংগ্রাইয়ের (সা) চাকমাদের বিঝুর (বি) থেকে বৈসাবি হলেও বান্দরবানের মারমারা বর্ষবরণের এই উৎসবকে সাংগ্রাই বলে থাকে। এই উৎসব দেখতে প্রতিবছরের মতো এবারও বান্দরবানে দেশি বিদেশী পর্যটকদের ভীর হয়।
বান্দরবান জেলা শহরে শনিবার মধ্যরাতে এই উৎসব শেষ হলেও, জেলার উপজেলাগুলোতে ১৭ এপ্রিল শেষ হবে মারমাদের বর্ষবরণের সাংগ্রাই অনুষ্ঠান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি