ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামায় দীর্ঘদিনের প্রেম, দুই পরিবারের পক্ষ থেকে প্রেম মেনে না নেয়ায় একসাথে বিষপান করেছে প্রেমিক জুঁটি। (১৭ মে) বুধবার সন্ধ্যায় ৬টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। বিষপানের পরপরই দুই পরিবারের লোকজন ছেলে মেয়ে দুইজনকে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে।
বিষপান করা ছেলে মোঃ রিফাত গাজী (১৫) রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাজী পাড়ার ফারুক গাজীর ছেলে এবং মেয়ে সানজিদা আক্তার (১৩) একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড টিয়ারঝিরি পাড়ার মোঃ সেলিম পিসির মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, বিষয়টি আমি জেনেছি। ছেলে-মেয়ে দুইজনকে চিকিৎসা করা হচ্ছে। মেয়েটির অবস্থা বেশি আশংকাজনক। এদিকে দুইজনই অপ্রাপ্তবয়স্ক। ছেলের বয়স ১৫ মেয়ের বয়স ১৩ বছর। ৫-৬নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ শাহ আলম, মোঃ বাসিদ হোসেন বলেন, প্রেমের বিষয়টি এলাকার সবাই জানে। দুইজনের বয়স কম হওয়ায় কেউ মেনে নেয়নি।
দুই পরিবারের সূত্রে জানা যায়, ছেলে-মেয়ে দুইজন গতকাল ঘর থেকে বের হয়ে গিয়েছিল। বুধবার সন্ধ্যায় ৬টায় মেয়ের এলাকার এক পাহাড়ের উপরে দুজন একসাথে বিষ পান করে। পরে দুই পরিবারের লোকজন তাদের লামা হাসপাতালে নিয়ে আসে।
এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি