আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
রামু উপজেলার গর্জনিয়ায় পুলিশের ঝটিকা অভিযানে একটি সিএনজি অটোরিকশা ও ১৮ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের দিকনির্দেশনায় আইসি আনিসুর রহমানের নেতৃত্বে এসআই শাহরিয়ার কালমসহ একদল পুলিশ কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকার রূপনের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল অভিযান চালিয়ে প্রথমে সিএনজি অটোরিকশাটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে আটক চালকের স্বীকারোক্তি অনুযায়ী, সিএনজির অতিরিক্ত চাকার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ হামজালাল (প্রকাশ হামজা)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক হামজালালের স্বীকারোক্তি অনুযায়ী ডলুরঝিরি এলাকার সামশুল আলমের ছেলে জসিম উদ্দিন, তুলাতলীর মৃত ফকির মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেনসহ আরও এক ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তি ও জব্দ করা সিএনজি অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক।