নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ঈদগাঁওতে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। অভিযানে গাঁজা ও ৫পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা,হাছিনা পাহাড় ও ইসলামাবাদ ইউপির আউলিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রুবেল মিয়া, সুজিত কান্তি তালুকদার রনি ও মো. তারেককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক সেবনের পাশাপাশি এলাকায় পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগ রয়েছে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে রুবেল মিয়া ও মো. তারেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজিত কান্তি তালুকদার রনিকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২শ টাকা করে ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় সচেতন মহল, জনসাধারণ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও জানান, ঈদগাঁও উপজেলাকে মাদক মুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে।