নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক, টমটম ও মিশুক চালকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতা সেলিম আকবর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এসময় টমটম ও মিশুক চালকদের একটি দলও ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে চালকদের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল-১.অতিরিক্ত ফি প্রত্যাহার, নিবন্ধনের নামে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া অতিরিক্ত ও অন্যায্য ফি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। ২. যৌক্তিক ফি নির্ধারণ, চালকদের আর্থিক অবস্থা বিবেচনা করে বার্ষিক নামমাত্র ও সহনীয় ফি নির্ধারণের দাবি জানানো হয়েছে। ৩. হয়রানি ও টোকেন বাণিজ্য বন্ধ, কোড বা কার্ড দেয়ার নামে চালক দের দিনের পর দিন ইউনিয়ন পরিষদে ঘুরিয়ে হয়রানি এবং সড়কে টাপিংয়ের ভয় দেখিয়ে অবৈধ অর্থ আদায় বন্ধের দাবি জানানো হয়।
৪.যৌক্তিক রোড পারমিট,কোন ধরনের চাঁদা বাজি বা মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ছাড়াই প্রকৃত চালকদের হাতে সরাসরি ও সহজ শর্তে সড়ক পারমিট নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবিকার অন্যতম মাধ্যম ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম ও মিশুক। এসব যানবাহনের নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানি করা হচ্ছে বলে চালকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
শ্রমিক নেতা সেলিম আকবর বলেন, চালকদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরতেই ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষের কষ্টের কথা বিবেচনা করে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা চালকদের বক্তব্য শোনেন, স্মারকলিপি গ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা করেন,প্রশাসনের উদ্যোগে বিষয়গুলোর একটি যৌক্তিক সমাধান হবে।