আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে দুটি লেবুভর্তি বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে স্টিলের ব্রিজের নিচে পড়ে থাকা দুটি লেবুভর্তি বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় বস্তা দুটি থেকে মালিকবিহীন ১০টি কার্টনে রাখা ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধার করা ইয়াবা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি কাজ করছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।