ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে রাতের আঁধারে নাসি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। মহাসড়কের মেহেরঘোনা সেতুর নিচ থেকে অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার ঘটনায় ঝুঁকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই সেতু। একই সাথে খালের দুই পাশের ফসলি জমিতেও ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গত কদিন দিন ধরে রাতে সেতুর নিচে পাইপ বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ভোর হওয়ার আগেই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফেলা হয়। এতে প্রশাসন ও সাধারণ মানুষের নজর এড়িয়ে দিনের পর দিন এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চক্রটি।
জানা যায়, ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিপরীত পাশে উত্তর-পূর্ব দিকে মহাসড়কের নাসি খালের মেহেরঘোনা সেতুর পূর্ব পাশে বালু উত্তোলন চলছে।
স্থানীয়রা জানান, রাত গভীর হলেই সংঘবদ্ধ চক্রের সদস্যরা সেতুর নিচে খালে পাইপ স্থাপন করে ড্রেজার মেশিন চালু করেন। রাতভর চলে বালু উত্তোলন। ভোর হওয়ার আগেই মেশিন ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। পরে আবার রাত নামলে একই কার্যক্রম শুরু হয়। এভাবে টানা তিন-চার দিন ধরে চলছে অবৈধ বালু উত্তোলন।
তাদের আশঙ্কা, এমনিতেই ঝুঁকিতে থাকা মহাসড়কের মেহেরঘোনা সেতুর সংলগ্ন স্থান থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুটি ধসে পড়তে পারে। পাশাপাশি খালের দুই পাশ থেকে বালু সরিয়ে নেওয়ায় আশপাশের ফসলি জমিতে ভাঙন দেখা দিতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।