রাজস্থলী প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমছড়া পাড়া এলাকায় আগুনে ৮ টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
রবিবার (১৫ নভেম্বর ) সকাল ১১ টার দিকে উপজেলা জামায়াত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ এর ভাড়াটির বাড়ী কৃষি ব্যাংকের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ৮ টি ঘর মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
স্থানীয়রা জানিয়েছেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজস্থলী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই পুরো ঘরগুলো পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মালিক জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ জানান, আগুন লাগার পর ঘর থেকে কোনও মালপত্র বের করার সুযোগ মেলেনি। অগ্নিকাণ্ডে আমাদের ভারাটির সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।
রাজস্থলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ প্রদীপ ত্রিপুরা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।অপর দিকে আগুনের ঘটনা শুনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন, এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।