মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর ২৬) বিকেল লামা চকরিয়া-আলীকদম সড়কের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চৌফলদণ্ডী এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে শিবাতলী এলাকায় পৌঁছালে চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পাহাড়ি আঁকাবাঁকা সড়কে দ্রুতগতি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে নিয়ে গেছে।ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।