নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি, হত্যাচেষ্টা মামলাও পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। ১০ মে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়েছে।
ঐদিন দিবাগত রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ বাঁশঘাটায় অভিযান চালায় পুলিশ। একটি চৌকস দল স্থানীয় একটি বসতঘরে হানা দেয়। এসময় অবৈধভাবে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃতরা হল-আবুল কালাম, শাহ আলম, মোহাম্মদ সালাম, শামসুল আলম ও কামাল হোসেন।
পুলিশ তাদের হেফাজত থেকে ২ বান্ডেল তাস, জুয়ার হিসাব সম্বলিত কাগজ এবং নগদ ২,১৩০ টাকা জব্দ করে। ধৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় মামলা (নং-০৯/৫৪) রুজু করা হয়।
৭মে আউলিয়াবাদে আম চুরির প্রতিবাদ করায় সামশুল আলম নামের এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ঐ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার আসামি জাহেদকে গ্রেফতার করে পুলিশ।
একইদিনে থানা এলাকায় পরিচালিত অপর এক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরমধ্যে জিআর পরোয়ানাভুক্ত আসামি জসিম উদ্দিন ও নুর আবছার। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি দিদারকেও গ্রেফতার করা হয়।
ঈদগাঁও থানা সূত্রে জানানো হয়, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। বিশেষ করে জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।