নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
পাহাড়ী জনপদ ঈদগড়ে ধানক্ষেত পাহারার টংঘর থেকে দুই কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মার্চ সোমবার (ভোররাতে) সেহরি খেয়ে টংঘরে অবস্থান করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অপহৃতরা হলেন, ঈদগড় ধুমছাকাটার ছৈয়দ কাসেম ও মাহমুদুল হক মাদু। তারা দীর্ঘদিন ধরে নিজ ধানক্ষেত পাহারা দিয়ে আসছিলেন।
পারিবারিক সূত্র মতে, রমজান মাস হওয়ায় ভোর রাতে সেহরি খেয়ে তারা ধানক্ষেতের পাশে তৈরি টংঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ এসে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত অপহৃতদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদের মতে, ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি