ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সেমবিলান অঙ্গরাজ্যের তামান লিঙ্গির এলাকার একটি বাড়ি থেকে সোমবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম New Straits Times-এর প্রকাশিত প্রতিবেদনে নেগরি সেমবিলান পুলিশের বরাত দিয়ে জানানো হয়, নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, মারামারির ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তামান লিঙ্গির এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে গ্রেপ্তার করে।
পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে জড়িত সবাই একই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তারা একসঙ্গে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।