নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলন্ত অবস্থায় স্ট্রোকে প্রাণ গেল দূরপাল্লার পরিবহন চালকের। তবে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগমুহূর্তে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বাসটি সড়কের পাশেই নিরাপদে থামিয়ে দেন। যার ফলে বড় সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিক ভাবে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিবহন চালক শাহজাহানের বাড়ি কুমিল্লায়।
বাসের সুপারভাইজার সোহাগও যাত্রীদের সূত্র মতে, মঙ্গলবার রাতে কক্সবাজার শহর থেকে ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দূরপাল্লার পরিবহন জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে চালক শাহজাহান হঠাৎ গুরুতর অসুস্থতা বোধ করেন।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি পরম দায়িত্ব শীলতার পরিচয় দেন, বাসটির নিয়ন্ত্রণ বজায় রেখে ধীরে ধীরে সড়কের পাশে থামিয়ে দেন।
বাসটি থেমে যাওয়ার পর বাসের সহকারী (হেলপার) ও যাত্রীরা দ্রুত এগিয়ে এসে অসুস্থ চালককে সেবাসহ সহায়তা প্রদান করেন।
শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে বাসের সহকারী নিজেই গাড়িটি চালিয়ে চালক শাহজাহানকে নিকটস্থ ঈদগাঁও স্টেশনে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই চালক শাহজাহানের পরিবার ও সন্তানদের কাছে মৃত্যুর বার্তা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সুপার ভাইজার সোহাগ।
এদিকে ইসলামপুরের আবদুল মালেক নামের এক ব্যাক্তি শোক বার্তায় লিখেন,আহারে মৃত্যু কত যে নির্মম সত্যি। লাল সবুজের গাড়ীর ড্রাইভারের কক্সবাজার থেকে ছেড়ে চলন্ত অবস্থায় ঈদগাহ এসে পৌঁছলে স্ট্রোক করে মৃত্যু বরন করেন।আল্লাহ মরহুমকে জান্নাতুল ফের দৌসের মেহমান হিসেবে কবুল করুক আমিন।
সাধারণ যাত্রীরা জানান,চলন্ত অবস্থায় এমন দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সব ধরণের দূর পাল্লার যানবাহনের চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক সুস্থতা সুনিশ্চিত করার দাবি জানান।