সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সদস্য গুপ্তেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। এ ছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা প্রমুখ।
শোকসভায় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমার সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না, তাঁর সংগ্রাম ছিল দেশের সব শ্রেণির নিপীড়িত গণমানুষের পক্ষে এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে। অধিকার আদায়ের লড়াই করতে তিনি জীবন উৎসর্গ করেছেন।
তাঁরা আরও বলেন, এমএন লারমা আমাদের মাঝে না থাকলেও তাঁর রেখে যাওয়া আদর্শগুলো আমরা এখনো লালন ও পালন করছি। তাই এমএন লারমার আদর্শ ধারণ করে পাহাড়ের অধিকারবঞ্চিত মানুষের আন্দোলন এগিয়ে নিতে হবে।
বক্তারা সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, চুক্তিবিরোধী পক্ষ সাজেককে কেন্দ্র করে নানা অপপ্রচার চালাচ্ছে। মানুষকে জিম্মি করে আন্দোলনের নামে প্রহসন করা হচ্ছে। তাঁদের দাবি, সাজেককে সন্ত্রাস ও লুটপাটের গ্রুপের কেউ দখলে রাখতে পারবে না।

তাঁরা আরও বলেন, সাজেকে কোনো অবৈধ অস্ত্রধারী থাকতে পারবে না—এমন দাবি হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে তাঁরা জেএসএসকে সরানোর দাবি জানাচ্ছেন। সাজেককে কেন্দ্র করে কারা লাভবান হচ্ছে এবং কারা লিজ নিয়েছে—এমন প্রশ্নও তোলেন বক্তারা।
উল্লেখ্য, এমএন লারমা ১৯৭০ সালের নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে চার দফা সংবলিত আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিনামা পেশ করেন।
একই বছর তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) গঠনে ভূমিকা রাখেন এবং সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জেএসএসের মনোনীত প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলের অভ্যন্তরীণ বিভেদ ও সংঘাতের ঘটনায় সহযোগীসহ নিহত হন।