সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বিকল্প আয়ের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁদের মধ্যে ২৪ জন পাহাড়ি ও ৬ জন বাঙালি। প্রশিক্ষণার্থীদের মধ্যে ২১ জনই ছিলেন পাহাড়ি নারী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জুরাছড়ি উপজেলা হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জুরাছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম।
প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য সরবরাহ ও সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, টিকাদান, পশু মোটাতাজাকরণ এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্বল্প পরিসরে পশুপালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
পার্বত্য অঞ্চলের অনেক পরিবার জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ ও গৃহপালিত পশুপাখি পালনের ওপর নির্ভরশীল। তবে আধুনিক পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন ও আর্থিক সফলতা অর্জন সম্ভব হয় না। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র পরিসরে আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষভাবে প্রশিক্ষণে পাহাড়ি নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ পারিবারিক অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা তৈরি করেছে।
স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে এ ধরনের জনমুখী কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।