নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
রাতে চলেছিল পদার্থবিজ্ঞান (ফিজিক্স) পরীক্ষার প্রস্তুতি। টেবিল গুছিয়ে ঘুমাতে গিয়েছিল আয়েশা। কিন্তু সেই ঘুমই যে শেষ ঘুম হবে, তা কল্পনাও করেনি কেউ। ভোরে মা ডাকতে গিয়ে দেখলেন, নিথর হয়ে পড়ে আছে মেয়ের দেহ।
শনিবার ভোররাতে ঈদগাঁও উপজেলার জাগির পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। আয়েশা উক্ত এলাকার মাহাবু আলমের কন্যা এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।
পারিবারিক সূত্র মতে, আয়েশা বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিল। শুক্রবার দিবাগত রাতে পরবর্তী ফিজিক্স পরীক্ষার প্রস্তুতির জন্য সে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে। ভোরে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোন সাড়া না পাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগে তার মৃত্যু হয়েছে।
নিহতের চাচাতো ভাই মনির আহমদ জানান, আয়েশা অত্যন্ত পরিশ্রমী ছিল। চলতি এসএসসি পরীক্ষার বিগত সাতটি বিষয় সে খুব ভালোভাবে সম্পন্ন করেছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
মেধাবী এই ছাত্রীর অকাল মৃত্যুতে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সকালে শিক্ষার্থীকে শেষবার দেখতে তার বাড়িতে ভিড় করেন শিক্ষক ও সহপাঠীরা।
একটি সম্ভাবনাময় জীবনের করুণ সমাপ্তিতে পুরো এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।