মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে খুলনার ফুলতলা বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা করে ০৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়।
বুধবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা করে ০৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পণ্যের মূল্য বিহীন বিদেশী কসমেটিকস ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস থাকায় শ্রী মা স্টোরকে ৫ হাজার টাকা, নিউ শ্রী মা স্টোরকে ৫ হাজার টাকা ও লাইসেন্স বিহীন চাল প্রক্রিয়া করায় মেসার্স নিকতী এন্টারপ্রাইজকে (চালের আড়ৎ) কে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অভিযানে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি আইন মেনে যথাযথভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মেনে চলার অনুরোধ জানানো হয়। একই সাথে ব্যবসায়িদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানোসহ সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। অভিযানকালে সহায়তা করেন ৩ এপিবিএন, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা শাহারিয়ার আকুঞ্জী ও খুলনা ক্যাব প্রতিনিধিগণ। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে কর্মকর্তারা জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি