নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
পাহাড়ি জনপদ ঈদগড়ে বন্য হাতির আক্রমণে মোঃ আব্দুর রশিদ প্রকাশ কুইল্লা নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঈদগড়ের কেলাগুনা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ঈদগড় চরপাড়া মুক্তাতলী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুর রশিদ ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। এ সময় একটি বন্য হাতি এসে তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় বনবিট কর্মকর্তা আমিনুল ইসলাম ও ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন জানান, বন্য হাতির আক্রমণে ওই কৃষকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বন্য হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।