স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বাঁশখালীতে প্রতি বছর বন্যার দুর্ভোগ থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাঁশখালীবাসীকে যাতে প্রতিবছর বন্যার সঙ্গে লড়াই করতে না হয়, সে জন্য সরকার দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের বসতবাড়িতে ঢুকে পড়তে না পারে, সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “প্রতি বছর বাঁশখালীবাসীদের যাতে বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”
আসাদুল হাবিব দুলু আরও বলেন, বাঁশখালীর বিভিন্ন খাল দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে সংকুচিত হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সমস্যা সমাধানে খালগুলো খনন ও পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে শনিবার দুপুরে ত্রাণমন্ত্রী বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভার নির্ধারিত স্থান পরিদর্শন করেন।